যুদ্ধের শঙ্কায় নিরাপত্তার কারণে যতদ্রুত সম্ভব লেবাননে বসবাসরত মার্কিনিদের অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি বিচ্ছিন্ন সংঘর্ষ যেকোনো সময় বড় সংঘাতে রুপ নিতে পারে এমন আশঙ্কা থেকে তাদের সরে যেতে বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।
সংঘাতের তীব্রতা কম থাকলেও গত কয়েক মাস ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহ ধরে এই উত্তেজনা নতুন করে তীব্রতা পেয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস এক নির্দেশিকায় মার্কিনিদের ‘যেকোনো টিকিট পাওয়া মাত্র’ লেবানন ছাড়ার অনুরোধ জানিয়েছে। তারা বলছে, লেবাননে যারা থাকতে চান তাদের উচিত ‘ভালো পরিকল্পনা প্রস্তুত করা’ এবং ‘বর্ধিত সময়ের জন্য কোথাও আশ্রয়’ নেওয়ার জন্য প্রস্তুত থাকা।