নাইজেরিয়ায় সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি

উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ায় কৃষকদের সঙ্গে পশুপালকদের পানি নিয়ে সংঘর্ষ লেগেই থাকে। মঙ্গলবার নাইজেরিয়ার প্রশাসন জানিয়েছে, উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি অঞ্চলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতেই অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা অনেক।

সংবাদসংস্থা এপি জানিয়েছে, মৃতের সংখ্যা ৩০। স্থানীয় মানুষদের সাথে কথা বলে এপি জানিয়েছে, বহু মানুষ নিখোঁজ। নিহতের সংখ্যাও আরো বাড়তে পারে। আক্রমণকারীরা মূলত তিনটি গ্রামে হামলা চালায়। এখনো পর্যন্ত আক্রমণকারীদের খুঁজে পাওয়া যায়নি। কেউ গ্রেফতার হয়নি। কোনো গোষ্ঠী এই আক্রমণের দায়ও স্বীকার করেনি।

এমার্জেন্সি রেসপন্স ইউনিটের কর্মীদের এলাকায় পাঠানো হয়েছে। ওই অঞ্চলে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। কিন্তু স্থানীয় মানুষের অভিযোগ, আক্রমণ যখন হয়, তখন সেখানে নিরাপত্তাকর্মীদের দেখা যায় না।