আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীকে তলব করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। এ জন্য প্রার্থীকে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে ব্যাখা দিতে বলা হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) সংসদীয় আসন নং-২৯২, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ শাহনেওয়াজ মনির স্বাক্ষরিত আদেশে শনিবার (২ ডিসেম্বর) দুপুর ২টার মধ্যে আদালতে এই বিষয়ে প্রার্থীকে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নদভীকে পাঠান চিঠি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০নভেম্বর) বিকালে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের সীমান্তবর্তী দেওদীঘি বাজার এলাকায় আবু রেজা নদভীর কর্মী আমিনুল ইসলামসহ আরো বেশ কয়েকজন মিলে আব্দুল মোতালেবের সমর্থকদের গাড়ি আটক করে কয়েকজনকে মারধর করে। এছাড়া বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪টার দিকে মোতালেব চট্টগ্রাম শহর অভিমুখে যাত্রাকালে উপজেলার কেরানীহাট এলাকায় নদভীর লোকজন অশালীন অঙ্গভঙ্গি ও দেখে নেওয়ার হুমকি দেয়। তারা (নদভীর সমর্থক) মোতালেবের ছবিতে আগুন লাগিয়ে দৃষ্টিকটু ও আক্রমণাত্মক আচরণ করেন। স্লোগান ও বক্তৃতায় মোতালেবের ক্ষয়ক্ষতি করবে বলে জানান দেয়। এছাড়া সাতকানিয়ায় একটি সমাবেশে নানা প্রতিশ্রুতি অনুদানের ঘোষণা দিয়ে নদভী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এই সকল অভিযোগ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৩,৬ (ক), ৭ (২) (৪), ১৭ এর সম্পূর্ণ পরিপন্থী। অভিযোগের বিষয়ে আদেশ দাতার অস্থায়ী কার্যালয় সাতকানিয়া চৌকি আদালতে গতকাল (শনিবার দুপুর ২ টায়) স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১ এ (৫) এ অনুচ্ছেদের ক্ষমতাবলে নদভীকে নির্দেশ প্রদান করেন।
এদিকে সূত্র নিশ্চিত করেছেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ নির্বাচনের অনুসন্ধান কমিটি চেয়ারম্যান নৌকার মনোনীত প্রার্থীর পক্ষের বক্তব্য শুনেছেন এবং অভিযোগকারী স্বতন্ত্রপ্রার্থী এম এ মোতালেবের পক্ষের বক্তব্যও শুনে উভয় পক্ষে হয়েছে শুনানী।
অনুসন্ধান কমিটির নিকট শুনানি শেষে আবু রেজা নদভীর আইনজীবী শোয়েব আলী চৌধুরী বলেন, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আবদুল মোতালেব দেওদীঘি ও কেরানীহাট এলাকায় যে ঘটনার বিষয়ে অভিযোগ করেছেন সাংসদ আবু রেজা নদভী অবগত নয় বলে জানান। এ ছাড়া শুনানিকালে আদালত উভয় প্রার্থীকে নির্বাচনী প্রচারণা চলাকালে আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন।
শুনানী শেষে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বিচারপতি শাহনেওয়াজ মনির পুলিশ প্রশাসনসহ উপজেলার কেরানীহাটে আচরণ বিধি লঙ্ঘনের ঘটনাস্থলে পরিদর্শনে যান এবং দীর্ঘক্ষণ তদন্ত করে প্রত্যক্ষদর্শী দোকানদার ও স্থানীয়দের থেকে গণসাক্ষর নেন বিচারপতি শাহনেওয়াজ মনিরের টীম।
সূত্র আরও নিশ্চিত করেছেন, তারা গণসাক্ষরসহ এবং উভয় পক্ষের শুনানীর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
আরও পড়ুন : স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের গাড়ি আটকে মারধর ও ছবিতে আগুন
আরও পড়ুন : স্বতন্ত্রপ্রার্থী হওয়ায় মোতালেবের ছবিতে আগুন ও ঝাড়ু মিছিল নদভীর সমর্থকদের