নতুন সময়ে ছুটবে মেট্রোরেল, সাপ্তাহিক ছুটি শুক্রবার

আগামী ৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া মঙ্গলবারের পরিবর্তে মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি হবে শুক্রবার।

বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, এখন থেকে মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি শুক্রবার। আগামী ৩১ মে থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। বর্তমানে ৯টি স্টেশনে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলাচল করছে। প্রথমে দুপুর ১২টা পর্যন্ত ছিল। পর্যায়ক্রমে তা বাড়ানো হয়।

এম এ এন ছিদ্দিক বলেন, নতুন সময় অনুযায়ী এখন থেকে মেট্রোরেলের চলাচলের সময় সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ার। ১১টা ১মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত অফ পিক আওয়ার। দুপুর ৩টা ১মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিক আওয়ার৷ সন্ধ্যা ৬টা ১মিনিট থেকে রাত ৮টা অফ পিক আওয়ার৷ পিক আওয়ারে প্রতি ১০ মিনিট পর পর দুই দিক থেকেই ট্রেন যাওয়া আসা করবে৷ অফ পিক আওয়ারে উভয় দিক থেকে ১৫ মিনিট পর পর ট্রেন চলাচল করবে৷ এছাড়া আসন্ন ঈদুল আযহার দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল যাত্রা শুরু করে। এখন প্রথমাংশে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।