নজর কেড়েছেন জয়া

বিজয়া, বিসর্জন -এবার ‘অর্ধাঙ্গিনী’।  অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল কলকাতার নিমার্তা কৌশিকের সঙ্গে জুটি বাঁধছেন দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান।  ২০১৯ সালে শুরু হয়েছিল ছবির শুটিং।  অবশেষে মুক্তির তারিখ জানালেন জয়া নিজেই।

সিনেমাটির মুক্তি সামনে রেখে শুক্রবার (১২ মে) প্রকাশ্যে এসেছে ট্রেলার।  তাতে নজর কেড়েছেন জয়া আহসান। প্রাক্তন আর বর্তমান।  এক পুরুষের জীবনের দুই নারীর হৃদয়ের যুদ্ধ নিয়ে এগিয়েছে সিনেমার গল্প।  জয়া ছাড়াও ট্রেলারে নজর কেড়েছেন অভিনেত্রী চুর্ণী গাঙ্গুলী ও অভিনেতা কৌশিক সেন।

অর্ধাঙ্গিনী’ সিনেমাটিতে জয়াকে দেখা যাবে কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে, আর চুর্ণী থাকবেন তার সাবেক স্ত্রীর ভূমিকায়।  ঘটনাক্রমে এক সমান্তরাল পথেই হাঁটবে এই তিনজনের জীবন।  কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, দুই নারীর এক অদ্ভুত সম্পর্কের গল্পে নির্মাণ করা হয়েছে ‘অর্ধাঙ্গিনী’।  তবে এটি ত্রিভুজ প্রেমের গল্প নয়।

তিন বছর আগে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শুরু করেছিলেন জয়া আহসান।  তবে করোনার কারণে একটানা শেষ করা যায়নি।  করোনার পর সম্পূর্ণ কাজ শেষ করে সিনেমাটি মুক্তির অপেক্ষা করছিলেন জয়া।  অবশেষে তিন বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি।  বিষয়টি কদিন আগেই নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস।

‘অর্ধাঙ্গিনী’ কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় জয়া আহসানের তৃতীয় সিনেমা।  এর আগে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ সিনেমায় কৌশিকের নির্দেশনায় কাজ করেছিলেন তিনি।  আগামী ২ জুন মুক্তি পাবে ‘অর্ধাঙ্গিনী’