নগরজুড়ে যান চলাচল স্বাভাবিক, মোড়ে মোড়ে পুলিশ

চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধের প্রভাব নেই বন্দর নগরী চট্টগ্রামে। স্বাভাবিক রয়েছে যান চলাচল। রাস্তার প্রতিটি মোড়ে কক্ত অবস্থানে রয়েছেন পুলিশ।

রবিবার (১২ নভেম্বর) সকাল থেকে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষের ভিড় ছিল লক্ষ্যনীয়। স্কুল কলেজ বন্ধ থাকায় সড়কে যানবাহনের চাপ কিছুটা কম। বাস, মিনিবাস, লেগুনা, সিএনজির পাশাপাশি চলাচল করতে দেখা গেছে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও স্টাফ বাস।

আরিফ মাহমুদ নামের একব্যক্তি বলেন, অবরোধে কোন প্রভাব চোখে পড়ছে না। রাস্তাঘাট স্বাভাবিক, শুধু চাপটা একটু কম। তবে মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, কখন কি হয় তা বলা যায় না।

এদিকে নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নগরের নতুন ব্রিজ, বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেট, জিইসি, ওয়াসা, কাজীর দেউরি, লালখান বাজার, আন্দরকিল্লাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অবস্থান লক্ষ্যণীয়।

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকেই অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছে বিএনপি। কয়েক দফার অবরোধ চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের শত শত নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।