ধনীদের তালিকায় বড় লাফ আদানির

প্রায় চারমাস পরে ফের বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় সামনের দিকে ফিরে এলেন গৌতম আদানি।  মঙ্গলবার (২৩ মে) একধাপে ৪০০ কোটি ডলারেরও বেশি বেড়েছে আদানি গ্রুপের সম্পত্তির পরিমাণ।  তার জেরেই বিশ্বের প্রথম ২০ জন ধনী ব্যক্তির তালিকায় আবার ফিরে এসেছেন তিনি।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে আপাতত ১৮তম স্থানে রয়েছেন তিনি।  চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার পরেই ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে ছিটকে নিচের দিকে চলে গিয়েছিলেন আদানি।

কীভাবে অল্প সময়ের মধ্যে এতখানি বেড়েছে আদানি গোষ্ঠীর সম্পত্তি, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছিল হিন্ডেনবার্গ।  তার জেরেই হু হু করে আদানির সম্পত্তির পরিমাণ কমতে থাকে।

পরিসংখ্যান বলছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি ছিলেন আদানি।  কিন্তু চলতি বছরের শুরু থেকে সবমিলিয়ে ৫৬০০ কোটি ডলারেরও বেশি সম্পত্তি হারিয়ে সে তালিকায় ৩০-এর নিচে নেমে এসেছিলেন তিনি।

সম্প্রতি ধীরে ধীরে ফের ঘুরে দাঁড়াচ্ছেন ভারতীয় এই ধনকুবের।  কয়েকদিন আগেই আদানি গোষ্ঠীকে ক্লিন চিট দিয়েছে সুপ্রিমকোর্টের কমিটি।  প্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আদানি গোষ্ঠী শেয়ারবাজারকে প্রভাবিত করার কোনো চেষ্টা করেনি।  আদানির কোম্পানিতে অবৈধ বিনিয়োগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে।  তারপরেই আদানি গোষ্ঠীর প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে।

গত মঙ্গলবারই আদানি এন্টারপ্রাইজে নিজেদের বিনিয়োগের পরিমাণ আরও ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে রাজীব জৈনের সংস্থা।  মূলত বন্দর ব্যবসার ক্ষেত্রেই বাড়বে এই বিনিয়োগের পরিমাণ।