দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ কাল

ভোটার বাড়ায় দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রও বাড়বে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য ভোটকেন্দ্রের প্রাথমিক খসড়া প্রকাশ করা হচ্ছে।  নির্বাচন কমিশন ধারণা করেছে আগামী নির্বাচনে ১১ কোটি ৯১ লাখেরও বেশি ভোটারের বিপরীতে ৪২ হাজারের মতো ভোট কেন্দ্র লাগবে।

ভোট কেন্দ্র চূড়ান্ত করার জন্য নির্বাচন কমিশন সময়সূচিও নির্ধারণ করে দিয়েছে।  নির্ধারিত সময়ানুযায়ী খসড়া কেন্দ্রের তালিকা প্রকাশ হবে বুধবার (১৬ আগস্ট)।  এই তালিকার ওপর ৩১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জানানো যাবে।

চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসি।

সে নির্বাচনের জন্য ইসির ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি সংশ্লিষ্টদের নিয়ে সব নির্বাচনী এলাকায় সরেজমিন পরিদর্শন করে ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকা প্রস্তুত করেছে।

এই তালিকার নিয়ে দাবি-আপত্তি নেওয়ার শেষ তারিখ ৩১ অগাস্ট।  দাবি-আপত্তি উঠলে তা নিষ্পত্তি করা হবে ১১ সেপ্টেম্বরের মধ্যে।  ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে ভোট কেন্দ্র।

ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, ‘নির্ধারিত কমিটির মাধ্যমে ভোট কেন্দ্র পরিদর্শন করে খসড়া প্রকাশের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।  বুধবার সারাদেশের মতো ঢাকা জেলার স্থানীয় পর্যায়ের অফিসগুলোতে সবার জন্য তা উন্মুক্ত থাকবে।  নির্ধারিত সময়ের মধ্যে কারও কোনো দাবি-আপত্তি থাকলে এ নিয়ে আবেদন জমা দিতে পারবেন। ’

মুনীর জানান, ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে আগের সিংহভাগ কেন্দ্র বহাল রাখার চেষ্টা করছে ইসি।  এছাড়া নতুন কিছু কেন্দ্রও প্রস্তাব করা হয়েছে।  একাদশ সংসদ নির্বাচনের তুলনায় ভোটার বাড়ায় দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রও বাড়বে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশে মোট ভোটার ছিলেন ১০ কোটি ৪২ লাখ। সে সময় সম্ভাব্য ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছিল ৪০ হাজার ৬৫৭টি। এর মধ্যে যাচাই- বাছাই শেষে ৪০ হাজার ১৯৯টি কেন্দ্র চূড়ান্ত করা হয়। ভোটের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হয়।

দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১৯ লাখ ভোটারের জন্য ভোট কেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭টি; ভোট কক্ষ ছিল ১ লাখ ৮৯ হাজার ৭৮টি।  নবম সংসদ নির্বাচনে ৮ কোটি ১০ লাখ ভোটারের জন্য কেন্দ্র ছিল ৩৫ হাজার ২৬৩টি; ভোট কক্ষ ছিল ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি।

গত মার্চে ইসি জানিয়েছিল, ভোটার এখন ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।  সেজন্য ৪২ হাজারের মতো কেন্দ্র হতে পারে।