দেশ বর্তমানে সংবাদ প্রকাশের পর বীমার টাকা ফেরত পেলেন গ্রাহক

‘জীবন বীমায় আস্থা হারাচ্ছে গ্রাহকরা’ এমন শিরোনামে দৈনিক দেশ বর্তমান পত্রিকায় সংবাদ প্রকাশের পর বীমার টাকা ফেরত পেয়েছেন মো. ইউসুফ নামের এক ভুক্তোভোগী। পেশায় গাড়ি চালক ভুক্তোভোগী ইউসুফের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। তিনি চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সার্ভিসিং সেল শাখায় ২০০৮ সালে ১৫ বছর মেয়াদি একটি বীমা করেন। তবে ১৫ বছর পর বীমার মেয়দ শেষ হলেও হাতে পাচ্ছিলেন না বীমার টাকা। একমাস দুইমাস করে একে একে পেরিয়ে গেল প্রায় ৮ মাস। বারবার পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির দারস্ত হয়েও পাননি বীমার একটি টাকাও।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে বীমার টাকা হাতে পাওয়ার পর মো. ইউসুফ দৈনিক দেশ বর্তমানকে বলেন, তারা আমাকে বলেছিল ১৫ দিনের মধ্যে বীমার টাকা পেয়ে যাব। এরপর প্রায় ৮ মাস হয়ে গেছে, তারা আমার কলও ধরে না। অফিসে গেলে দেখা করে না। পরে বাধ্য হয়েই আমি দৈনিক দেশ বর্তমানের অফিসে যোগাযোগ করি।

তিনি আরও বলেন, এখন আমি অনেক আনন্দিত। দেশ বর্তমানে সংবাদ প্রকাশের পর পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি নিজেরা ফোন করে বীমার টাকা ফেরত দিয়েছে। এর জন্য আমি দৈনিক দেশ বর্তমানকে মন থেকে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক শামসুর জামান সেলিম দৈনিক দেশ বর্তমানকে বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি সব সময় চায় তার গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে। মাঝে মাঝে দুই-একটা চেকে বিভিন্ন কারণে সমস্যা হয়। এ কারণেই মূলত ইউসুফের বীমার টাকা দিতে একটু দেরি হয়েছে। দেশ বর্তমানের সংবাদ আমাদের চোখে পড়ার সাথে সাথেই আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করেছি এবং এখনো যাদের টাকা বাকি আছে তাদের সব সমস্যা সমাধান করে টাকা হস্তান্তরের চেষ্টা করব। যেহেতু ভুলটা আমাদের, তাই আমরা অত্যন্ত দুঃখিত।