দূর্বারের সহজ জয় ২য় বিভাগ ক্রিকেট লিগে

সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগে সহজ জয় পেয়েছে পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী।  শনিবার (৩ জুন) মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৭ উইকেটে রাফা ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে।

খেলায় টসে হেরে রাফা ক্রিকেট ক্লাব আগে ব্যাট করে ২৪  ওভারে মাত্র ৭০ রানে অলআউট হয়।  জবাবে দূর্বার ৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

রাফা ক্রিকেট ক্লাবের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন আরিফ।  ১১ রান করা আশফিয়াতের ইনিংসে কোন চার ছয় নাই।  এছাড়া ১০ রান করেন এমরান। দূর্বারের রাইসুল ৪টি এবং ওয়াহিদুল ৩ উইকেট দখল করেন।

দূর্বারের হয়ে শহীদুল সর্বোচ্চ ২৬ রান করেন।  এছাড়া ইমরান অপ: ১৯, আমজাদ ১২ ও অনি ১০ রান করেন।  রাফা ক্রিকেট ক্লাবের আব্দুল্লাহ আল নোমান ৩ উইকেট দখল করেন। রোববার (৪ জুন) ২টি খেলায় এম এ আজিজ স্টেডিয়ামে বার্ডস স্পোর্টিং ক্লাব ও এলিট পেইন্ট এবং মহিলা কমপ্লেক্স মাঠে আবেদিন ক্লাব ও বক্সিরহাট ইয়াং মেন্স ক্লাব মুখোমুখি হবে।