দিল্লিতে কাল হাসিনা-মোদি বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিসহ গুরুত্বপূর্ণ সব ইস্যুতে আলোচনা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আগামীকাল শুক্রবার বিকেলে নয়াদিল্লি যাবেন শেখ হাসিনা। সন্ধ্যায় নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বাংলাদেশের সঙ্গে বিশেষ সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে নরেন্দ্র মোদির সরকারি বাসভবনেই ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, জি-২০ সম্মেলনটি শনিবার নয়াদিল্লিতে শুরু হয়ে পরদিন রবিবার ১০ সেপ্টেম্বর শেষ হবে। জি-২০ সম্মেলন উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি নৈশভোজের আয়োজন করেছেন। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও থাকতে পারেন। নৈশভোজে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গেও কথা বলতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দিদি’ বলে সম্বোধন করেন।

এদিকে, নয়াদিল্লিতে বৈঠকের আগে ঢাকায় থাকবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ ও আগামীকাল শুক্রবার। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি চলে যাবেন। দিল্লি থেকে ফেরার পরপরই বাংলাদেশ স্বাগত জানাবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন।

সবমিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ও দ্বিপক্ষীয় বৈঠকগুলো নিছক প্রতীকী নয়। টেবিলে বাস্তব, চাপা সমস্যা আছে। সেগুলো নিয়ে বৈঠকগুলো থেকে সমাধানের পথ বের করা হবে। সবমিলিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ‘ঘূর্ণিঝড় কূটনীতি’ পার করছেন।
বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্র জানিয়েছে, স্বাগতিক ভারতের বিশেষ আমন্ত্রিত হিসেবে সম্মেলনে যোগ দিতে শেখ হাসিনা নয়াদিল্লিতে পৌঁছার কয়েক ঘণ্টা পর ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এমএইচএফ