শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে ঢালিউডে চর্চার শেষ নেই। কাজ করতে গিয়ে প্রেম ও বিয়ে হয় তাদের। শাকিব এবং বুবলীর একটি ছেলেও রয়েছে। তবে বর্তমানে তাদের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। প্রকাশ্যেই চলছে কাদা ছোড়াছুড়ি। বুবলীর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না তিনি, এমনটাই দাবি শাকিবের।
অন্যদিকে, নায়িকাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনিও প্রকাশ্যে নিজেদের বিচ্ছেদ মানতে নারাজ। তাদের প্রেমটা ঠিক কী ভাবে হয়েছিল? এক সংবাদমাধ্যমে নিজেদের প্রেমের গল্পই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
তিনি বলেন, আমরা যখন একসঙ্গে কাজ শুরু করি, তখন শাকিব শুধুই আমার সহ-অভিনেতা ছিল। তার পর ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। মানুষটাকে কাছাকাছি পাওয়ার পর মনে হয়েছিল অনেকটা পরিণত। আমার প্রতি খুবই যত্নশীল ছিল সে। আমার জন্য তার ভাবনা, দায়িত্বজ্ঞান দেখে মনে হয়েছিল তার জগতে শুধু আমি আছি। সে থেকেই প্রেম শুরু আমাদের।
শাকিবের সঙ্গে বেশ কিছু দিন প্রেম পর্বের পর বিয়ের সিদ্ধান্ত নেন নায়িকা। একটা সময় প্রেমের ঘোরতর বিরোধী ছিলেন বুবলী। ছোটবেলায় খুবই ঘেরাটোপের মধ্যে মানুষ হয়েছিলেন।
তিনি বলেন, প্রেম তো দূরের কথা ছেলেদের সঙ্গে কথা বলার সময়ও ছিল না আমার। মা কলেজে দিয়ে আসতেন, ক্লাস শেষ হলে কলেজ থেকে নিয়ে আসতেন।
বুবলীকে বিয়ের আগে অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কে ছিলেন শাকিব। অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০১৮ সালের জুলাই মাসে বুবলীকে বিয়ে করেন নায়ক। প্রথম বিয়ের মতো দ্বিতীয় বিয়েও গোপনে রেখেছিলেন। পরে ২০২২ সালে ছেলে বীরের জন্মের পর প্রকাশ্যে আসে তাদের সম্পর্ক।