দক্ষিণী অভিনেতাকে ‘মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষের শিকার উর্বশী

প্রশংসার চেয়ে সমালোচনাই জুটেছে বেশি।  তবু গ্ল্যামারের জোরে টিকে আছেন বলিউডে।  কাজ করছেন আন্তর্জাতিক অঙ্গনেও।  তিনি উর্বশী রাউতেলা।  মাস দেড়েক আগেই একটি মিথ্যাচার করে তুমুল বিতর্কে পড়েছিলেন।  তিনি দাবি করেন, প্রয়াত অভিনেত্রী পারভীন ববির বায়োপিকে অভিনয় করতে চলেছেন তিনি।  কিন্তু পরে জানা যায়, পুরোটাই ভিত্তিহীন, মিথ্যে কথা।

এবার ভুল তথ্য দিয়ে নিন্দা কুড়ালেন উর্বশী।  সোশ্যাল হ্যান্ডেলের একটি পোস্টে দক্ষিণী এক অভিনেতাকে তিনি ‘মুখ্যমন্ত্রী’ দাবি করেছেন। যা দেখে হেসে খুন নেটপাড়া; সেই সঙ্গে তুমুল সমালোচনা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন উর্বশী।  যেখানে তার সঙ্গে দক্ষিণী অভিনেতা পবন কল্যাণ ও সাই ধরম তেজ রয়েছেন।  তাদের সিনেমা ‘ব্রো দ্য অ্যাভাটার’-এর একটি গানে পারফর্ম করেছেন বলিউড সুন্দরী।  সেই সূত্রেই ছবির প্রচারে গিয়েছিলেন তিনি।

ছবিটির ক্যাপশনে উর্বশী লেখেন, “অন্ধ্রপ্রদেশের সম্মানীত মুখ্যমন্ত্রী পবন কল্যাণের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে পেরে আমি আনন্দিত।  আমাদের ছবি ‘ব্রো দ্য অ্যাভাটার’ মুক্তি পাচ্ছে আগামীকাল।  এটা এক রাগী মানুষের গল্প, যে মৃত্যুর পর তার ভুলগুলো শুধরে নেওয়ার দ্বিতীয় সুযোগ পায়।”

এরপরই শুরু হয় সমালোচনা। এক ব্যক্তি মন্তব্য করেন, ‘মুখ্যমন্ত্রী বলেই থামলেন কেন? তাকে প্রধানমন্ত্রীর পদটাও দিয়ে দিন!’; আরেকজনের মন্তব্য, ‘তিনি (পবন) তো এমএলএ-ও নন! কখন তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, জানতেই পারলাম না!’

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম জগন মোহন রেড্ডি।  নেটিজেনদের কাছ থেকে বিষয়টি জেনে কিছুক্ষণ পরই নিজের পোস্ট সংশোধন করে নেন উর্বশী।

আগেও একাধিকবার মিথ্যা কিংবা ভুল তথ্য দিয়ে সমালোচিত হয়েছেন এই অভিনেত্রী।  একবার তিনি দাবি করেছিলেন, সুপারহিট কন্নড় সিনেমা ‘কানতারা’র দ্বিতীয় পর্বে অভিনয় করবেন তিন।  পরে তার দাবিটি মিথ্যা প্রমাণিত হয়েছিল।