থাইল্যান্ডে প্রচণ্ড ঝড়ে একটি স্কুলের খেলার মাঠের ছাদ ধসে চার শিশুসহ কমপক্ষে সাতজন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। মঙ্গলবার (২৩ মে) দেশটির রাজধানী ব্যাংককের ৩০০ কিলোমিটার উত্তরে ফিচিত প্রদেশের ওয়াট নার্ন পর প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট। নিহত শিশুদের বয়স ছয় থেকে ১৩ বছরের মধ্যে।
দেশটির ওই প্রদেশের জনসংযোগ দপ্তর ও দুর্যোগ প্রতিরোধ বিভাগ ফেসবুক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সোমবার স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটের দিকে ঝড় শুরু হয়। ঝড়-ভারী বৃষ্টিতে ছাদটি হঠাৎ ধসে পড়ে। এতে সাতজন নিহত ও আরও কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন।
থাইল্যান্ডে বর্ষাকালের শুরুতেই এই দুর্ঘটনা ঘটল। আসন্ন কয়েক দিনের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দেশটির আবহাওয়া বিভাগ চলতি সপ্তাহে থাইল্যান্ডের উত্তর দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সোমবার (২২ মে) থেকে বর্ষাকাল শুরু হয়েছে।
থাইল্যান্ডে নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের মান কখনো কখনো শিথিল হয়ে থাকে। দেশটিতে ভবন ধসে পড়ার ঘটনা অজানা নয়।