তেলাপোকা মারার স্প্রেতে প্রাণ গেল দুই শিশুর, গ্রেফতার ১

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় ‘দ্য পেস্ট কন্ট্রোল’ নামে এক প্রতিষ্ঠানের দেওয়া তেলাপোকা মারার স্প্রেতে দুই শিশু মৃত্যু হয়েছে। এ ঘটনায় টিটু মোল্লা নামে এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৬ জুন) সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আসাদুজ্জামান বলেন, ‘দুই শিশুর মৃত্যুর ঘটনায় বালাইনাশক (পেস্ট কন্ট্রোল) কোম্পানির কর্মকর্তা টিটু মোল্লাকে আমরা গ্রেফতার করেছি। তিনি ওই বাসায় তেলাপোকা মারার বিষ স্প্রে করেছিলেন। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় নিহত শিশুদের বাবা মোবারক হোসেন তুষার গতকাল সোমবার তিনজনকে আসামি করে মামলা করেন। এটির তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের পর আসামির সংখ্যা আরও বাড়তে পারে।’

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ জুন) বসুন্ধরা আবাসিক এলাকার আই-ব্লকের একটি বাসায় ‘দ্য পেস্ট কন্ট্রোলের’ কর্মীরা তেলাপোকা মারার বিষ স্প্রে করেন। এর দুদিন পর রবিবার ভুক্তভোগী পরিবারটি ওই বাসায় ওঠে। বাসায় প্রবেশ করেই অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে রবিবার (৪ জুন) সকালে শাহিল মোবারত জায়ান (৯) নামে এক শিশু মারা যায়। একইদিন রাত ১০টার দিকে মারা যায় শায়েন মোবারত জাহিন (১৫) নামে আরেক শিশু।

এছাড়া নিহত দুই শিশুর মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেনও বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারা বর্তমানে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।