তৃতীয় বার আটক ৭৮ বছরের নারী

ব্যাংক ডাকাতি

যুক্তরাষ্ট্রের মিজৌরি প্রদেশে ব্যাংক ডাকাতির ঘটনায় তৃতীয়বারের মতো আটক করা হয়েছে ৭৮ বছরের এক নারীকে।  মিজৌরি প্রদেশের পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

অতীতেও দুটি ব্যাংক ডাকাতির জন্য অভিযুক্ত তিনি।  বনি গুচ নামের ওই নারী ব্যাংকের টাকা গণনাকারীর কাছে কয়েক হাজার ডলারের দাবি সংবলিত একটি চিরকুট জমা দেন।  ডলার নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার সময় তিনি আবার ওই ব্যাংক কর্মকর্তাকে বলেন, ‘আপনাকে ধন্যবাদ, আমি একটুও ভয় দেখাতে চাইনি।’  গুচ বর্তমানে ২৫ হাজার ডলার মুচলেকা দেওয়ার শর্তে জেলে আছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, তিনি ওই ঘটনার সময় ধূসর রঙের পোশাক, হ্যান্ড গ্লাভস, একটি কালো এন-৯৫ মাস্ক এবং সানগ্লাস পরা ছিলেন।

তবে গুচের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ এটিই প্রথম নয়।  তাঁর বিরুদ্ধে আরও দুটি অভিযোগ রয়েছে। একটি ১৯৭৭ সালের অপরটি ২০২০ সালের আরেকটি ব্যাংক ডাকাতি।  সেবারেও তিনি ব্যাংক কর্মকর্তার হাতে জন্মদিনের একটি কার্ড ধরিয়ে দিয়েছিলেন।  যেখানে লেখা ছিল, ‘এটি একটি ব্যাংক ডাকাতি’।  ২০২০ সালের এই মামলায় ২০২১ সালের নভেম্বর মাসে তার সাজার মেয়াদ শেষ হয়।