তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ইনচে

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সড়ে দাঁড়ালেন মুহাররেম ইনচে।  রোববার (১৪ মে) অনুষ্ঠেয় ভোটে তিনি ছিলেন চার প্রার্থীর একজন।

বৃহস্পতিবার (১১ মে) ইনচে সরে দাঁড়ানোর পর ভোটে টিকে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কেমাল কিলিচদারুগলু ও সিনান ওগান

তুরস্কের ছয়টি বিরোধী দল প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে একতাবদ্ধ হয়েছে।  প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে একক প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বিরোধী নেতা কেমাল কিলিচদারুগলুকে।

কিলিচদারুগলুর সরাসরি জয়ী হওয়ার সম্ভাবনা বড় ধরনের ধাক্কা খেয়েছে, যখন তার দলের সাবেক একজন নেতা মুহাররেম ইনচে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।

৫৮ বছর বয়সী মুহাররেম ইনচে ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপি দলের প্রার্থী ছিলেন।

কিন্তু কিলিচদারুগলুর সঙ্গে মতবিরোধের জের ধরে ওই নির্বাচনের দুবছর পর তিনি সিএইচপি ছেড়ে চলে যান।  বর্তমানে তিনি ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী দল হোমল্যান্ড পার্টির নেতৃত্ব দিচ্ছেন।