তিন নাটকের শুটিংয়ে সিঙ্গাপুরে নিলয়-হিমি

বাংলাদেশে জুটিবদ্ধ হয়ে সর্বাধিক (৬০টিরও বেশি) সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এটাই সিনেমার এই রেকর্ড ভেঙে দিয়েছে নাটকের জুটিপ্রথা।  আর সেটার দুই কারিগর নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।  তারা জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন একশরও বেশি নাটকে।  সেঞ্চুরি পেরিয়ে সেটা এখনো চলমান।

সম্প্রতি এ  অভিনেতা-অভিনেত্রী উড়াল দিলেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে।  সেখানে তিনটি নাটকের শুটিং করবেন এই জুটি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সিঙ্গাপুর পৌঁছান এ অভিনেতা-অভিনেত্রী।  সেখানে বেশ কয়েকদিন অবস্থান করবেন ছোটপর্দার এই দুই অভিনয়শিল্পী।  জানা যায়, হাসিব হোসেন রাখির পরিচালনায় ৩টি নাটকের শুটিং করবেন নিলয়-হিমি।  আজ শুক্রবার ((২২ ডিসেম্বর) থেকেই প্রথম নাটকটির শুটিং শুরু করেছেন তারা।

হিমি বলেন, ‘বেশ কয়েকজন শিল্পী ও পরিচালকের সঙ্গে সিঙ্গাপুর এসেছি।  এর আগে এখানে শুটিং করা হয়নি।  বেশ আলাদা একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। ’

নিলয় আলমগীর বলেন, ‘রাখি বেশ যত্ন নিয়ে কাজ করেন। গল্প অনুযায়ী কাজটি ভালো করার চেষ্টা করে।  যেহেতু তার নির্দেশনাতে বেশ কিছু নাটকে কাজ করেছি, তাই রাখি কী চায় তা বেশ ভালোভাবেই অনুভব করতে পেরেই ক্যামেরার সামনে অভিনয় করি।  রাখির একটা অভ্যাস খুব ভালো।  তার নিজের পুরো স্ক্রিপ্ট মুখস্ত থাকে।  যে কারণে টু দ্য পয়েন্ট-এ রাখি কাজ করে।  আর হিমির সঙ্গে কাজের বোঝাপড়াটা এক কথায় দারুন।  জুটি হিসেবে দর্শক আমাদের পছন্দ করেন, এ কারণে দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা। ’

এর আগে হাসিব হোসেন রাখির পরিচালনায় নিলয়-হিমি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন।  যার মধ্যে – ‘এক পলকে’ , ‘মিসেস ডিস্টার্ব’, ‘লোকাল জামাই’, ‘মিস্টার নার্স’,‘ ওয়েলকাম ডক্টর’ ‘হাউজ হাজব্যান্ড’ নাটকগুলো দর্শকমহলে প্রশংসিত হয়েছে ।