তাপমাত্রা কমায় চুয়াডাঙ্গায় শীত যেন জেকে বসেছে

চুয়াডাঙ্গায় অবশেষে ডিসেম্বরে এসে দেখা মিলেছে শীতের তীব্রতা। তাপমাত্রা কমায় শীত যেন একেবারে জেকে বসেছে। তাপমাত্রা কমে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে শীতের কাপুনি। আগামী কয়েক দিন সেই কাপুনি আরো বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অফিস জানিয়েছেন, আজ বুধবার শুরু হচ্ছে মৃদু শৈত প্রবাহ। এটি এই মৌসুমের প্রথম শৈত্য প্রবাহ। আগামী ৩ দিন রাতের তাপমাত্রা কমতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। ঊর্ধ্ব আকাশের শীতল বায়ু নিম্নগামী হওয়ায় রাতের তাপমাত্রা কমে যায় এবং শীতের অনুভূতি বাড়ে।  বুধবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহ আসবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। বুধবার সকাল ৬টা ও ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২. ৪ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ। চুয়াডাঙ্গায় ডিসেম্বরের মাঝামাঝি এসে শীত যেন একেবারে জেকে বসেছে। দ্রুত কমতে শুরু করেছে তাপমাত্রা। উত্তর দিক থেকে আশা শীতল বাতাস শীতের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। সন্ধ্যা নেমে আসার পরপরই শুরু হচ্ছে কুয়াশা। সকালে সূর্য ওঠার আগে পর্যন্ত কুয়াশার দাপট থাকছে প্রকৃতিতে। এ সময় গাড়ির লাইট দিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক রফিকুল হাসান জানান, মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২. ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২. ৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহ আরো বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।