তাইওয়ান প্রসঙ্গে সমালোচনার মুখে ম্যাক্রোঁ

বিশ্ব নেতাদের সমালোচনা

তাইওয়ান প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের নীতির বাইরে গিয়ে ইউরোপকে স্বাধীন অবস্থান নিতে বলায় তীব্র সমালোচনার মুখে পড়লেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তাইওয়ান নিয়ে সংকটের তীব্রতা বাড়াতে আগ্রহ নেই ইউরোপের।  ব্লকটির উচিত যুক্তরাষ্ট্র ও চীনের নীতির বাইরে গিয়ে তাইওয়ান ইস্যুতে স্বাধীন অবস্থান গ্রহণ করা।  বিশ্ব নেতারা ম্যাক্রোঁর এমন মন্তব্যে তীব্র সমালোচনা করেন এবং ইউরোপ থেকে ম্যাক্রোঁ নিজেকে আলাদা করে ফেলছেন মনে করেন।

জার্মান পার্লামেন্ট বুন্দেস্ট্যাগের পররাষ্ট্র কমিটির এমপি নরবার্ট রোয়েটজেন এক টুইট বার্তায় বলেন, ‘বেইজিং সফরকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য একটি জনসংযোগ অভ্যুত্থান এবং ইউরোপের বৈদেশিক নীতির বিপর্যয়ে পরিণত করতে সক্ষম হয়েছেন ম্যাক্রোঁ। ’  তিনি আরও বলেন, ‘ইউরোপ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছেন ফরাসি প্রেসিডেন্ট। ’

টুইটারে এক ভিডিও বার্তায় মার্কিন সিনেটর মার্কো রুবিও বলেন, ‘তাইওয়ান ইস্যুতে যদি ইউরোপ নিরপেক্ষ থাকে, তাহলে ইউক্রেন ইস্যুতেও যুক্তরাষ্ট্রের কোনও পক্ষ সমর্থন করা উচিত হবে না। ’

যুক্তরাষ্ট্রের ফরাসি দূতাবাসের মুখপাত্র প্যাসকেল কনফেভরেক্স জানান, ম্যাঁক্রোর মন্তব্যকে অতিরঞ্জিত করা হচ্ছে।  টুইটারে এক বার্তায় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের মিত্র যাদের সঙ্গে আমাদের অনেক দিক থেকেই সঙ্গতি রয়েছে। ’

তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়।

সূত্র: রয়টার্স