তলা ফেটে ডুবল জাহাজ, প্রাণে বাঁচলো ১৩ নাবিক

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে বৈরি আবহাওয়ায় প্রবল স্রোতে তলা ফেটে ‘দেলোয়ার আল বাহার’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে আশেপাশে থাকা অন্য লাইটার জাহাজগুলো ১৩ নাবিককে জীবিত উদ্ধার করে। পরে ৯৯৯-এ খবর পেয়ে তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে কোস্টগার্ড।

কোস্টগার্ড সদর দপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার আব্দুর রাহমান সিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (১৪ জুন) রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আলফা অ্যাঙ্করেজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল বুধবার রাতে প্রবল ঢেউ ও স্রোতের কবলে পড়ে লাইটার জাহাজটি। এসময় বিকট শব্দ হয় এবং কিছুক্ষণ পর জাহাজটি আসতে আসতে ডুবতে থাকে। এসময় জাহাজটির আশেপাশে থাকা লাইটার জাহাজগুলো ১৩ নাবিককে উদ্ধার করে নেয়। তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কোস্টগার্ডকে খবর দেয়। পরে কোস্টগার্ড তাদের উদ্ধারকারী জাহাজ ‘মেটাল শার্ক’ এর মাধ্যমে ১৩ নাবিককে তাদের আশ্রয় নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা দেয়।

কোস্টগার্ড সদরদপ্তরের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার মো. আশিকুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই আশেপাশে থাকা লাইটার জাহাজগুলো ১৩ নাবিককে উদ্ধার করে নেয়। ৯৯৯ এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আমাদের উদ্ধারকারী জাহাজ পাঠিয়ে তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসি।