তদন্তে আটকা ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ ভাঙচুর মামলা
নতুন করে বসছে বঙ্গবন্ধুর ‘টাইলস ম্যুরাল’, উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী
চট্টগ্রামের জামালখানে ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ ভাঙচুর মামলা আটকে আছে তদন্তে। এ ঘটনায় ২৬ জনকে গ্রেফতারের দুই মাস পেরিয়ে গেলেও এখনো তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। এদিকে এরই মধ্যে ভাঙচুর করা ম্যুরালের জায়গায় নতুন ম্যুরাল বসানোর কাজ এগিয়ে চলছে।
চলতি বছরের ১৪ জুন দুপরে চট্টগ্রামে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ চলার সময় জামাল খান মোড়ে সড়কের পাশে দেয়ালজুড়ে বঙ্গবন্ধুর জীবন-কর্মের আলোকচিত্র নিয়ে তৈরি ম্যুরাল ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। মামলায় বাকলিয়া থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব সিদ্দিকীসহ ২৬ জনকে গ্রেফতার করা হয়। ঘটনার দু’মাস পার হলেও মামলাটি এখনও তদান্তধীন আছে বলে জানান কোতোয়ালী থানা পুলিশের উপ-পরির্দশক ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইকবাল হোসেন। এদিকে ভাঙচুরের প্রতিকৃতিসহ আরও নান্দনিকতায় ১৭টি বঙ্গবন্ধুর টাইলস ম্যুরাল স্থাপন করে আগামী ১০ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ উদ্বোধন করবেন বলে জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ ভাংচুর মামলার বিষয়ে অগ্রগতি জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকতা থানা পুলিশের উপ-পরির্দশক ইকবাল হোসেন দৈনিক দেশ বর্তমানকে বলেন, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সম্বলিত ট্যাম্পার্ড-গ্লাস ম্যুরাল ভাঙচুর করার ঘটনায় কোতোয়ালী থানায় ৭৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০ জনের নামে মামলা করা হয়। মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বাকলিয়া থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব সিদ্দিকীসহ ২৬ জনকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছি। বাকী আসামিদের মধ্যে অধিকাংশ হাইকোর্ট থেকে জামিনে আছে। গ্রেফতারকৃতদের মধ্যেও বেশ কয়েকজন জামিন পেয়েছে। গ্রেফতার ছাড়া এজাহারে নাম থাকা বাকীদের নাম ঠিকানা যাচাই এবং সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত ও গ্রেফতারের কাজ চলছে।

তিনি আরও বলেন, এজাহারে অনেকের নাম থাকলেও বাবার নাম এবং ঠিকানা অজ্ঞাত থাকায় তাদের শনাক্ত করতে সময় লাগছে। যেহেতু ভাঙচুরের মামলা এবং আসামি বেশি তাই পূর্ণ তদন্ত শেষ হতে সময় লাগবে বলেও জানান মামলার এই তদন্তকারী পুলিশ কর্মকর্তা।
এদিকে আরও নান্দনিকতায় বঙ্গবন্ধুর টাইলস ম্যুরাল স্থাপনের ঘোষণা দিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন দৈনিক দেশ বর্তমানকে বলেন, ভাঙচুর হওয়া ‘বঙ্গবন্ধু ম্যুরাল’র জায়গায় আরও নান্দনিকতায় বঙ্গবন্ধুর জীবনকর্ম নিয়ে এবার ১৭টি খোঁপে ১৭ টাইলস ম্যুরাল স্থাপনের কাজ চলছে। পাশাপাশি প্রতিবাদ স্বরূপ ভাঙচুরের অবিকল রেপ্লিকাও থাকবে যা প্রতিবছর একই সময়ে ভাঙচুরের ঘটনাকে নিন্দা জানানোর জন্য প্রতীক হিসাবে কাজ করবে।
এই কাউন্সিলর আরও বলেন, রাষ্ট্রের এই মহানায়কের জীবনকর্ম নিয়ে ম্যুরাল যাতে আর কোনো দুষ্কৃতিকারী ভাঙতে না পারে, সেই জন্য ট্যাম্পার্ড গ্লাস না দিয়ে টাইলস দিয়ে তৈরি করছি। ইতোমধ্যে আমাদের ৭০ ভাগের বেশি কাজ সম্পন্ন হয়েছে। আমরা এই মাসে (আগস্ট) এটির উদ্বোধন করতাম কিন্তু শোকের মাস হওয়ায় আগামী মাসে উদ্বোধনের তারিখ ঠিক করেছি। আগামী ১০ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এটি উদ্বোধন করবেন। পাশাপাশি উপস্থিত থাকবেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার ফখরুজ্জামানসহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, চট্টগ্রামের জামালখানে ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ের দেয়ালে টাঙানো ‘মুজিব মানে বাংলাদেশ’ শীর্ষক ম্যুরাল ভাঙচুরের ঘটনার পর ব্যাপক প্রতিক্রিয়া এবং নিন্দার ঝড় উঠে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ ভাঙচুরকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও বিবৃতিসহ নানাভাবে ব্যাপক প্রতিবাদ হয়।
দেশ বর্তমান/এআই