তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

রাজধানীতে বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ কারাগারে থাকা সকল নেতা-কর্মী এবং আলেম-উলামাদের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালিত হয়। গতকাল রোববার সকাল পৌনে ১০টায় মতিঝিলের শাপলা চত্বর থেকে মিছিল শুরু হয়ে ইত্তেফাক মোড়ে সমাবেশে মিলিত হয়। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, আজকে জামায়াতে ইসলামী ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় ঢাকা মহানগরীতে রাজপথে নেমেছে। স্বৈরাচারী সরকারের পদত্যাগ ছাড়া আমরা রাজপথ ছেড়ে যাবো না।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক সংগঠন। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই। কিন্তু জামায়াত শিবিরের নেতাকর্মীদের নিয়ন্ত্রণের নামে জুলুম-নির্যাতন চালানো হচ্ছে, আমরা আর বরদাশত করবো না। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দাবি নিয়ে মাঠে নেমেছি, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় আমরা মাঠে নেমেছি। আমরা চাই অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পায়তারা চলছে। জনগণকে সঙ্গে নিয়ে তফসিল ঘোষণার যে কোনো ষড়যন্ত্র বানচাল করে দেয়া হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারি সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ড. আবদুল মান্নান, ঢাকা মহানগর উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসেন, শামসুর রহমান, আব্দুস সালাম, ড. মোবারক হোসেন, কামরুল আহসান হাসান, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন প্রমুখ।