ঢালিউডে শাকিবের রাজত্বের দুই যুগ

তার কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রি।  ১৯৯৯ সালের ২৮ মে  ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে রুপালী পর্দায় পা রাখেন, এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।  একের পর এক শুধু পেরিয়েছেন সাফল্যের সিড়ি।  দর্শকদের টানা উপহার দিয়েছেন সুপার হিট সব সিনেমা।  নিজেকে নিয়ে গেছেন সাফল্যের সর্বোচ্চ চূড়ায়।  তিনি ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।

তার সেই স্বপ্নযাত্রার দুই যুগ পূর্ণ হয়েছে রবিবার (২৮ মে)।  ক্যারিয়ারের বিশেষ এই মাইলফলক ছোঁয়ার দিনে ভক্ত-দর্শক-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা, ভালোবাসায় ভাসছেন ঢালিউড কিং।

ক্যারিয়ারের দুই যুগ পূর্তির দিনে এক ভক্ত শাকিব খানকে নিয়ে লিখেছেন, প্রথম থেকেই তিনি অক্লান্ত পরিশ্রম এবং কাজের প্রতি আস্থা, নিষ্ঠা দিয়ে চলচ্চিত্রকে বিশ্বদরবারে উপস্থাপন করছেন।  এই দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে মনে জায়গা করে নিয়েছেন।  পৌঁছে গেছেন বাংলা চলচ্চিত্রের শীর্ষস্থানে।

শাকিবের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট বলা যায় ২০০৭-০৮ সালকে।  এই দুই বছরে তার অভিনীত ২৯টি সিনেমা মুক্তি পায়।  এরমধ্যে ছিল ১৫ কোটি টাকা ব্যবসা করা ক্যারিয়ারে অন্যতম সুপারহিট ছবি ‘প্রিয়া আমার প্রিয়া’।  এরপর ২০০৯ সালে দুই ঈদে ৮টি সিনেমা মুক্তি পায় তার।  যে রেকর্ড আজও ঢাকাই সিনেমায় বিরল!

এপার বাংলার পাশাপাশি ওপার বাংলায়ও নিজের প্রতিভার জানান দিয়েছেন শাকিব।  যৌথ প্রযোজনায় তার অভিনীত ‘শিকারি’, ‘নবাব’ দুই বাংলাতেই তুমুল সাড়া ফেলে।

প্রযোজনায় নাম লিখিয়েও পেয়েছেন সাফল্য।  নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ থেকে ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’-এর মতো হিট সিনেমা উপহার দেন তিনি।

এ পর্যন্ত প্রায় ২৪৭টি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান।  সবশেষ গত রোজার ঈদে মুক্তি পাওয়া তার ‘লিডার: আমিই বাংলাদেশ’ও পেয়েছে হিটের তকমা।  প্রথম সিনেমা ‘অনন্ত ভালোবাসা’র মশাল থেকে সবশেষ মুক্তি পাওয়া ছবির নাফিস পর্যন্ত প্রতিটি চরিত্রেই নিজেকে ভাঙার চেষ্টা করেছেন ঢাকাই সিনেমার এই তারকা।  গড়েছেন একের পর এক সাফল্যের রেকর্ড।

অভিনয়ের স্বীকৃতিস্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব।  পেয়েছেন আরও অনেক সম্মান, সম্মাননা।  ভক্ত-শুভকাঙ্ক্ষীরা মনে করেন, এখনও ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার বাকি আছে কিং খানের।  তবে সে জন্য সাম্প্রতিক সময়ে ঘটা ব্যক্তিজীবনের সমস্যাগুলো দূর করতে হবে।  নির্বিবাদে ডুব দিতে হবে লাইট-অ্যাকশন-ক্যামেরার জগতে।