রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম ধনপ্রিয় চাকমা।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সাজেকের দাড়িপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানায়। সে ওই এলাকার অনিল কুমার চাকমার ছেলে। ঢাবির ওই ছাত্রীও চাকমা সম্প্রদায়ের।
এর আগে গতকাল বুধবার সাজেকের সিজকছড়া এলাকায় এক দল দুর্বৃত্ত গাড়ির গতি রোধ করে লোকপ্রশাসন বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত ওই ছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ করে। পুলিশ অভিযান চালিয়ে সাত ঘণ্টা পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে মা-বাবার কাছে তাকে হস্তান্তর করা হয়।
সাজেক থানার ওসি নূরুল হক জানান, অভিযান চালিয়ে ধনপ্রিয় চাকমাকে আটকের পর তাকে রাঙামাটির আদালতে পাঠানো হয়েছে। তবে আটক ব্যক্তি কোনো আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা, নিশ্চিত করতে পারেননি তিনি।