ঢাকা-১৭ আসনসহ ৭৮ স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ শুরু

জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ দেশের স্থানীয় সরকারের ৭৮টি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ।

ইসির তথ্যানুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নং ১৫, ১৮, ১৯, ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এ উপনির্বাচনে সাধারণ কেন্দ্রে ১৯ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র পাহারায় ২১ জনের পুলিশ ও আনসারের সমন্বয়ে ফোর্স নিয়োজিত রয়েছে। তারা দায়িত্ব পালন করবে ভোটের পরের দিন পর্যন্ত। তবে, অঙ্গীভূত আনসার পাঁচদিনের জন্য নিয়োজিত থাকবে। এছাড়া, পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ১৫টি, র‌্যাবের ৬টি টিম ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য নিয়োগ করা হয়েছে ২৫ জন নির্বাহী ও ৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোট অনুষ্ঠিত হচ্ছে ব্যালটে। সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। নির্বাচন উপলক্ষে সব রকম প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে কোনও চ্যালেঞ্জ নেই দাবি করে এ সাংবিধানিক সংস্থার প্রত্যাশা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের।

এদিকে নির্বাচনি এলাকায় সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শনিবার মধ্য রাত থেকে সেখানে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রবিবার দিনগত মধ্যরাত থেকে নিষিদ্ধ রয়েছে বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, ইজিবাইক চলাচল।

ঢাকা-১৭ আসনের নির্বাচনের বিষয়ে কোনও চ্যালেঞ্জ নেই দাবি করে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, আশা করি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সব আয়োজন সম্পন্ন হয়েছে। রবিবার নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা আশা করি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারবো।

বর্তমান নির্বাচন কমিশন তার মেয়াদে অনুষ্ঠিত জাতীয় সংসদের উপনির্বাচনগুলো ইভিএমে করলেও ঢাকা-১৭ আসনের উপনির্বাচন হবে ব্যালটে। তবে প্রতিটি ভোটকেন্দ্রের ভোটকক্ষগুলোতে সিসি ক্যামেরা থাকবে। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আট জন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং মো. তারিকুল ইসলাম।

প্রার্থীদের মধ্যে প্রচারণায় বেশি তৎপর ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মোহম্মদ আলী আরাফাত, একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের সিকদার আনিসুর রহমান।

এমএইচএফ