ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মো. ইসমাইল মোল্লা (৫৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী শাহীন আলম জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ইসমাইল কয়েদি হিসেবে ছিলেন। ভোরের দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ইসমাইল কি মামলায় কারাগারে কয়েদি হিসেবে ছিল সে বিষয়ে আমরা বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত রোববার (২৮ মে) ভোর ৫টায় কারাগারে অসুস্থ হয়ে পড়েন হাজতি আতিকুর রহমান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল পৌনে ৭টায় মৃত ঘোষণা করেন।