ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম

ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।  বৃহস্পতিবার (১১ মে) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।

ঢাকায় দুদিনব্যাপী (১২-১৩ মে) ভারত মহাসাগরীয় এ সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ফাউন্ডেশনের আয়োজনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্মেলনের ষষ্ঠ আসর বসছে। সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে যোগ দেবেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট।

ঢাকায় অবস্থানকালে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেয়া ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে ফয়সাল নাসিমের। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এর আগে, চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বিরাজ সিং রুপন। বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।

পৃথ্বিরাজ সিং রুপন ১৪ মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।  এ সময়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) আইনে তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।