ঢাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২৩ মে) দুপুর ২টায় ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সায়েন্স ল্যাব এলাকায় পৌঁছালে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হয়ে পদযাত্রাটি সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল হয়ে কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৪টার কিছু আগে পদযাত্রা নিয়ে বিএনপি নেতাকর্মীরা সিটি কলেজের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পুলিশ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে।