ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পঞ্চম কৌশলগত সংলাপে অংশ নিতে প্রতিনিধি দলসহ দুই দিনের সফরে আজ (সোমবার) ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন। বর্তমান দায়িত্বে ফিলিপ বার্টনের এটিই প্রথম বাংলাদেশ সফর।

রোববার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, এ সফরের মূল ফোকাস হলো যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে অংশগ্রহণ। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ব্রিটিশ হাইকমিশন আরও জানায়, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সংযোগ প্রতিষ্ঠায় আধুনিক অর্থনীতি, বাণিজ্য এবং নিরাপত্তা অংশীদারত্ব উন্নয়নের প্রতিফলন হলো এই কৌশলগত সংলাপ। সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্য ও উন্নয়ন অংশীদারত্ব, বৈশ্বিক, আঞ্চলিক ও নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গা সংকট প্রভৃতি বিষয়ে আলোচনা হবে।

এর মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা, কোপ২৮ ও জলবায়ু অর্থায়নে যৌথ কাজে সহযোগিতা, জলবায়ু প্রভাবের সঙ্গে মানিয়ে চলা, যুক্তরাজ্যের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ প্রস্তাব জোরদারে সুযোগ সৃষ্টি হবে।

স্থায়ী আন্ডার সেক্রেটারি ঢাকায় অবস্থানকালে রাজনীতিবিদ, সুশীল সমাজের বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী নেতা এবং যুবসমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পঞ্চম কৌশলগত আগামীকাল (মঙ্গলবার) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশের নেতৃত্ব দেবেন।

ঢাকার পক্ষ থেকে বন্দিবিনিময় ও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (এমএলএ) বিষয়ে জোর দেয়া হবে। আর নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারে জোর থাকবে লন্ডনের। তারা বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায়।

এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, রোহিঙ্গা সংকট, আগামী বছর দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সংলাপ, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইন, নারীর ক্ষমতায়ন, অভিবাসন, উচ্চশিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, ব্যবসায়িক পরিবেশ, শ্রম অধিকার ও পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক কৌশল (আইপিএস), ইউক্রেন সংকট, শান্তি রক্ষায় সদস্যদের প্রশিক্ষণ ও অর্থায়নের মতো বিষয়গুলোতে আলোচনা হবে। সেই সঙ্গে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা উন্নয়নের মাধ্যমে সুশীল সমাজের স্থান, মতপ্রকাশ ও ধর্মীয় স্বাধীনতার বিষয়টি বৈঠকে আলোচনায় আসবে।

এমএইচএফ