বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং এবং সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ৫ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে স্বাস্থ্যের অবনতি হলে গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে কেবিন থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ড. খন্দকার মোশাররফ হোসেনের পরিবার এবং দলের পক্ষ থেকে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সার্বিক খোঁজখবর রাখছেন। এদিকে শনিবার (৯ ডিসেম্বর) সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্যারিস্টার মইনুল হোসেনের মরদেহ হাসপাতালে দেখতে গিয়েছিলেন ডাক্তার জাহিদ। প্রখ্যাত আইনজীবীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন তিনি।