ট্রাকের নির্বাচন করে আমার নামও ট্রাক হয়ে গেছে: মাহি

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ভিডিওতে এসে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।  সেই থেকেই বেশ আলোচনায় রয়েছেন এই নায়িকা।  একমাত্র সন্তানকে নিয়ে আলাদা থাকছেন তিনি।

সম্প্রতি ভালুকাতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাহি।  দীর্ঘদিন পর মাহিকে স্টেজ পারফরম করতে দেখা গেছে।  মঞ্চে উঠে দর্শকদের সঙ্গে কথা বলেন তিনি।  পারফর্ম করার আগে উপস্থিত সবাইকে এই অভিনেত্রী প্রশ্ন করেন, আপনারা সবাই কি আমাকে চেনেন? কি নাম আমার?

জবাবে দর্শকসারি থেকে কেউ কেউ মাহিয়া মাহি বলে চিৎকার করেন আবার কেউ বা ট্রাক ট্রাক বলে চিৎকার করতে থাকেন।  যেটা শুনে মজার ছলে মাহি বলে ফেলেন, ‘ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি।  এখন আমার নামও ট্রাক হয়ে গেছে।  আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে এসেছি শুধুমাত্র ট্রাক মার্কার জন্য। ’

এরপর ভালুকার নারীদের প্রশংসা করতে শোনা যায় মাহিকে।  তিনি বলেন, ‘আমি কোনো অনুষ্ঠানে গিয়ে এত মা-বোনকে একসঙ্গে দেখিনি।  ভালুকার মা-বোনেরা অনেক সংস্কৃতি পছন্দ করে বলেই মনে হচ্ছে। ’

উল্লেখ্য, গেল দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচনে করেছিলেন মাহিয়া মাহি।  তবে বিপুল ভোটে পরাজিত হন তিনি।