টেলিগ্রাম নিষিদ্ধ ব্রাজিলে

ব্রাজিলের স্কুলগুলোয় আশঙ্কাজনক হারে সহিংসতা বাড়ায় আদালত মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধের ঘোষণা দিয়েছেন।  এ সিদ্ধান্তের পেছনের মূল কারণ, অ্যাপ কর্তৃপক্ষের কাছে সরকার থেকে সহযোগিতা চাওয়া হলেও না পাওয়া।  দেশের আইন অমান্য করায় এই সিদ্ধান্ত নিয়েছেন বিচারক আলেকজান্দ্রে ডে মোরেইস।

ব্রাজিলের বিভিন্ন স্কুলে কমপক্ষে ১৬টি হামলা বা সহিংসতা সংঘটিত হয়েছে ২০০২ সাল থেকে ২০২২ সালের মধ্যে।  ১৬টির মধ্যে ২০২২ সালের শেষ ছয় মাসের মধ্যে ঘটেছে চারটি।

কিছু সহিংসতার সঙ্গে একটি নব্য নাৎসি গ্রুপের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে ৷  ২০২২ সালের নভেম্বরে স্বস্তিকাচিহ্নধারী এক ব্যক্তি পরপর দুটি স্কুলে হামলা চালিয়ে চারজনকে হত্যা করে ৷  এসপিরিতো সান্তো রাজ্যের ছোট্ট শহর আরাক্রুজ-এর সেই ঘটনার পর নব্য নাৎসিদের তৎপরতার বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে পুলিশ৷

তেমন একটি গ্রুপকে সক্রিয় দেখা যাওয়ায় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল ৷  সে বিষয়ে যথেষ্ট সহযোগিতা না করার অভিযোগেই ব্রাজিলে টেলিগ্রাম ব্যবহার সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে আদালত ৷