চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রাইভেটকার নিয়ে ভীতিকর রেসে মেতে ওঠা সাতটি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছে টানেল কর্তৃপক্ষ।
বুধবার (১ নভেম্বর) রাতে কর্ণফুলী থানায় মামলাটি দায়ের করা হয়।
নগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রেসে অংশ নেওয়া সাতটি গাড়ি শনাক্ত করা হয়েছে। এগুলোর নম্বর উল্লেখ করে সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের শুরুতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে গাড়িগুলোর প্রকৃত মালিকের নাম জানা হবে। এরপর তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এছাড়া রেসে অংশ নেওয়া আগে-পিছে কোনো গাড়ি থাকলে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, গত ২৮ অক্টোবর দেশের মেগা প্রকল্প টানেলটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে এটি জনসাধারণের যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এদিন মধ্যরাতে হঠাৎ দামি স্পোর্টস কার নিয়ে রেসে মেতে ওঠেন একদল উঠতি বয়সী ছেলে। টানেলের আনোয়ারা প্রান্তে গাড়িগুলোকে কসরত করতে দেখা যায়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।