টাঙ্গাইল মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া এলাকায় সুরুজ আলীর ছেলে ছাব্বির আলম (১৮) ও রমজান আলীর ছেলে হাবিব (১৬)।
রোববার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গারোবাজার-কাকরাইদ মহাসড়কের হাজীবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের নাম সাদিক। তিনি একই গ্রামের আনিসুর রহমানের ছেলে। তাকে স্থানীয়রা উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেলযোগে তিন বন্ধু লেগুরবাজার থেকে গারোবাজার যাচ্ছিলেন। পথে হাজীবাড়ি মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু মারা যান। আহত অন্যজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।
মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।