টাঙ্গাইলে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা যাত্রী ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন স্কুলছাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার বাঘিল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও বাঘিল গ্রামের কালাম মিয়া মেয়ে রশনি আক্তার ও একই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথি আক্তার, ব্যাটারিচালিত অটোরিকশার চালক উপজেলার নরিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে হামিদ মিয়া (৬৫), গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়া ছেলে মোস্তফা মিয়া (৫২)।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারজানা আফরোজ জেমি বলেন, জামালপুর থেকে ঢাকাগামী এসটি এক্সপ্রেস পরিবহনের একটি বাস দ্রুত গতিতে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে বাসটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ ৪ যাত্রী নিহত হন। এছাড়া আহত অবস্থায় আরও অন্তত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এখনও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই ) ইদ্রিস আলী বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছে।
এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।