টাঙ্গাইলে নিজ বসতঘর থেকে মা ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ মে) সন্ধ্যায় জেলার দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার শাহেদের স্ত্রী মনিরা বেগম (৩৫) এবং তার দুই ছেলে মুশফিক (৮) ও মাশরাফি (২)। এ ঘটনার পর থেকে মনিরা বেগমের স্বামী শাহেদ পলাতক রয়েছেন।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর স্বামী শাহেদ পলাতক। শাহেদকে খুঁজে পেলে এবং লাশ তিনটি ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহমিনা হক বলেন, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে চকতৈল গ্রামের মো. শাহেদের বসতঘর থেকে তাঁর স্ত্রী মনিরা বেগম (৩০) এবং তাঁর দুই ছেলে মুশফিক (৮) ও মাশরাফির (২) লাশ উদ্ধার করা হয়। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
মনিরার বড় ভাই আল আমিন জানান, শাহেদ নিজে মাদকাসক্ত। তাঁরা ধারণা করছেন, ঘরের ভেতর স্ত্রী ও সন্তানদের হত্যা করে শাহেদ সিঁধ কেটে বের হয়ে পালিয়ে গেছেন।