গাজীপুরের টঙ্গী থেকে ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা রাজধানীর এয়ারর্পোট, উত্তরা, আবদুল্লাহপুর, টঙ্গী বাজার, গাজীপুর চৌরাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও বাসা বাড়িতে চুরি-ছিনতাই করে আসছিল।
গ্রেফতারকৃতরা হল- সুমাইয়া আক্তার বৃষ্টি (১৮), শিউলী (৩৫), শাবানা আক্তার রিমু (২২), মোসাম্মৎ আছমা বেগম (৩৫), নাছিমা আক্তার (৩২), মোসাম্মৎ আমেনা খাতুন (২১), কোহিনুর বেগম (৩৫), নাজমা বেগম (৪০), আকলিমা (৩২) ও শ্যামল পোদ্দার (৪৭)। তারা সকলেই টঙ্গীর নতুন বাজার, ব্যাংক মাঠ বস্তি ও নওগাঁ এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন, ১টি প্লাস, ১টি চাবির গোছা ও ১ভরি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, টঙ্গী এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাইকারী একটি চক্র সক্রিয় ছিল। তারা টঙ্গী ও আশপাশের এলাকায় পথচারী ও বাসাবাড়িতে অস্ত্র দেখিয়ে বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করে মোবাইল, টাকা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করতো। বিভিন্ন অভিযোগ পেয়ে টঙ্গী পূর্ব থানা এলাকায় নজরদারি বাড়ানো হয়।
তিনি জানান, গত তিন দিন যাবৎ নতুন বাজার, ব্যাংকের মাঠ বস্তি ও টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সক্রিয় ৯ মহিলা ও একজন পুরুষসহ মোট ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।