জেদ্দায় আজ ‘ইসলামে নারী’ শীর্ষক সম্মেলন, অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার মদিনার মসজিদে নববীতে আসরের নামাজ আদায় করেছেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

ইসলামে নারী’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে রোববার দুপুরে সৌদি আরব পৌঁছেন প্রধানমন্ত্রী। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সঙ্গে সমন্বয়ে সৌদি আরব ৬ থেকে ৮ নভেম্বর এই সম্মেলনের আয়োজন করছে।

সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হবে। প্রকাশ করা হবে ‘ইসলামে নারী বিষয়ক জেদ্দা ডকুমেন্ট’।

মুসলিম উম্মাহর পণ্ডিতদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ইসলামে নারীর অধিকার ও দায়িত্ব, বিশেষ করে ইসলামের শিক্ষা অনুযায়ী শিক্ষা ও কাজের ক্ষেত্রে নারীর অধিকার স্পষ্ট করা এ সম্মেলনের লক্ষ্য। প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং ভাষণ দেবেন।

তিনি ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসেইহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও তিনি ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।

সম্মেলন শেষে আগামীকাল মঙ্গলবার শেখ হাসিনা মক্কার উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করবেন। সেখানে তিনি মসজিদুল হারামে (কাবা শরীফ) নামাজ আদায় করবেন।

রিয়াদের স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। আগামী ৮ নভেম্বর বুধবার সকাল ৮টায় ফ্লাইটটির ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণের কথা রয়েছে।