জাহাঙ্গীরের মায়ের গাড়িতে ফের হামলা, আহত ৫

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের গাড়িতে আবারও হামলার ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২০ মে) বিকেল ৫টার দিকে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের গরুহাট সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে আহত দুই সমর্থককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিক তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ সময় স্বতন্ত্র মেয়র প্রার্থীর গাড়ির বহরে থাকা দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনার পর মেয়র প্রার্থী জায়েদা খাতুন তাঁর প্রচারে অংশ নেওয়া শতাধিক নেতা-কর্মী নিয়ে গাজীপুরের ছয়দানা এলাকায় ফিরে যান।

জায়েদা খাতুনের প্রধান নির্বাচন সমন্বয়কারী তাঁর ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘এ নিয়ে পাঁচবার আমাদের ওপর নৌকার সমর্থক ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করল। আজও গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে। তারা পুলিশকেও মানছে না। আমরা পুলিশি পাহারায় টঙ্গী থেকে চলে যাচ্ছি।’

এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করবেন কি না—এমন প্রশ্নে জাহাঙ্গীর বলেন, ‘গাড়ি ভাঙচুরের ঘটনায় ইতিপূর্বে টঙ্গী পূর্ব থানা একটি মামলা করা হয়েছে। আজকের বিষয়ে সিদ্ধান্ত নেইনি।’