পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সাথে আগামী ১০ জুন রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে দুপুর ২ টায় এ কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে দলটি।
আজ সোমবার (৫ জুন) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি না দিয়ে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।
দলটির পক্ষ থেকে বলা হয়, আমরা জনগণের দাবী আদায়ে আন্দোলন, সংগ্রামে বদ্ধ পরিকর। আমরা সংঘাত সংঘর্ষ চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আজকের কর্মসূচি স্থগিত করে আগামী ১০ জুন, শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে দুপুর ২ টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আমরা আশা করছি, শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সকলের সহযোগিতা পাবো। পুলিশ প্রশাসন যেন, গণতন্ত্র বিরোধী, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে নিজেদের প্রতিবন্ধক হিসেবে দাড় না করায় আমরা সেই আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারী কামাল হোসাইন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এস এম কামাল উদ্দিন প্রমুখ।
এমএফ