জাপানে গুলি-ছুরিকাঘাতে পুলিশসহ নিহত ৪

জাপানের মধ্যাঞ্চলীয় প্রদেশ নাগানোতে বন্দুক ও ছুরি হামলায় দুই নারী ও দুই পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় মাসানোরি আওকি (৩১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি নাগানোর প্রাদেশিক সংসদের স্পিকার মাসামিচি আওকির বড় ছেলে।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, হোনশু দ্বীপের শহর নাগানো প্রিফেকচারে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি প্রথমে এক নারীকে নারীকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছালে একটি হান্টিং রাইফেলের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। চতুর্থ মৃত্যুর বিষয়টি পরে নিশ্চিত করা হয়।

জাপানে অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠিন হওয়ায় সেখানে বন্দুক হামলার মতো ঘটনা একেবারে বিরল। দেশটিতে কেউ অস্ত্র কিনতে চাইলে তাকে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে লাইসেনস পেতে হয়।