জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি ন্যানসির বাসা থেকে

গৃহকর্মী ও গৃহকর্মীর স্বামী কারাগারে

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য অলংকার চুরির মামলায় তার গৃহকর্মী তাহমিনা এবং তার স্বামী শাকিলকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, তাহমিনা ও রিপা ন্যানসির বাসায় গৃহপরিচারিকার কাজ করতো।  শাকিল তাহমিনাকে প্রায় বাসা থেকে নিতে আসতো।  তাহমিনা গত ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে চলে যায়।  এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যায়।

এদিকে, গত ১৮ এপ্রিল ন্যানসি দেখতে পান আলমারিতে তার দুইটি স্বর্ণের চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই।  যার মূল্য তিন লাখ ২১ হাজার টাকা।

গৃহকর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে ঈদের সময় গুলশান থানায় অভিযোগ করেছিলেন ন্যানসি।  তখন পুলিশ গিয়ে গৃহকর্মী ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদও করেছিল।  তবে তারা চুরির কথা স্বীকার না করার পর এ ঘটনায় ন্যানসির ভাই শাহরিয়া আমান সানি তিনজনকে আসামি করে গুলশান থানায় মামলা করেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই আসামিদের (গৃহকর্মী তাহমিনা এবং তার স্বামী শাকিলকে) কারাগারে পাঠানোর আদেশ দেন।