টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। এর আগে একই দিন সকাল ১০টার দিকে বঙ্গভবন থেকে সড়ক পথে রওনা হন রাষ্ট্রপতি। এরপর বঙ্গবন্ধু ছাড়াও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে ধোয়া-মোছাসহ এর উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়। সেই সঙ্গে সমাধিসৌধ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
গত সোমাবার বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন রাষ্ট্রের সর্বোচ্চ এই পদে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। সদ্য সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের উত্তরসুরী মো. সাহাবুদ্দিনের রয়েছে আইন পেশা, বিচারালয় ও দুদকে দায়িত্ব পালনের অভিজ্ঞতা। বিভিন্ন মহলে ডাকনাম চুপ্পু হিসেবে তিনি বেশি পরিচিত।