ছেলের ওয়েব সিরিজে শাহরুখ

ব্যবসার জগতে পা রাখা শাহরুখপুত্র আরিয়ান খান যে নির্মাণেও আছেন সে খবর পুরনো।  নতুন খবর হল পুত্রের ‘অ্যাকশন’ নির্দেশনায় লাইট-ক্যামেরার সামনে দাঁড়াবেন শাহরুখ খান; সঙ্গে থাকছেন বলিউডের আরেক অভিনেতা রণবীর সিং।

আরিয়ান বাবার পথে হাঁটবেন না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন।  তবে বরাবরই তিনি ক্যামেরার পেছনে থাকতে চেয়েছেন।  সে অনুযায়ী এবার ওয়েব সিরিজ ‘স্টারডম’ পরিচালনা করতে চলেছেন শাহরুখপুত্র।

সম্প্রতি এক বিজ্ঞাপনচিত্র পরিচালনা করে নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন আরিয়ান।  এবার ছয় পর্বের টিনসেল টাউনের ড্রামা সিরিজ পরিচালনা করতে চলেছেন এই তারকাপুত্র।  ‘স্টারডম’ সিরিজের মাধ্যমে আরিয়ান হিন্দি ছায়াছবির জগৎকে তুলে ধরবেন।  এই সিরিজের এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

ওয়েবসাইটের খবর অনুযায়ী, ‘স্টারডম’ সিরিজে একঝাঁক বলিউড তারকাকে ক্যামিও হিসেবে দেখা যাবে।

আরও গুঞ্জন, এই সিরিজে শাহরুখ ও রণবীর সিং ক্যামিও হিসেবে অভিনয় করতে চলেছেন।  তবে এখনো তাঁদের চরিত্রের ব্যাপারে কিছু খোলাসা হয়নি।  তিন মাস ধরে এই প্রকল্পের প্রি-প্রোডাকশনের কাজ চলছে।  ২৭ মে থেকে মুম্বাইয়ে শুটিং–সংক্রান্ত কাজ শুরু হবে।  জানা গেছে, ‘স্টারডম’-এর চরিত্র নির্বাচনের কাজ চূড়ান্ত হয়ে গেছে।  বেশ কিছু নতুন অভিনেতার মুখ এই সিরিজে দেখা যাবে।

তবে সবকিছু এখন গোপন রাখা হয়েছে। খবর অনুযায়ী, কিং খান ও রণবীরকে দুটি আলাদা পর্বে দেখা যাবে।  সিরিজে তাঁদের চরিত্রগুলো ছোট হলেও গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।  আর এই দুই চরিত্রকে ঘিরে গল্পটি এগোবে।  শাহরুখ ও রণবীর দুজনই জুনিয়র খানের পরিচালনায় কাজ করতে দারুণ রোমাঞ্চিত বলে জানা গেছে।

আরিয়ানের ‘স্টারডম’ সিরিজের কাহিনি মুম্বাই ছায়াছবির জগতের আধারে নির্মিত হতে চলেছে।  সিরিজে দেখা যাবে, একঝাঁক উঠতি অভিনেতা তাদের স্বপ্নকে ধাওয়া করতে কতটা সংঘর্ষের মধ্যে দিয়ে যাচ্ছে।  এই সিরিজে হাসির ছোঁয়া থাকবে বলেও জানা গেছে।  শাহরুখ ও গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তৃতীয় ওয়েব সিরিজ হতে চলেছে ‘স্টারডম’।  এর আগে এই ব্যানারে ইমরান হাসমির থ্রিলারধর্মী সিরিজ ‘বার্ড অফ ব্লাড’ ও জম্বি ভৌতিক সিরিজ ‘বেতাল’ মুক্তি পেয়েছিল।