ছাদ থেকে পড়ে আহত নকুল কুমার বিশ্বাস

বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রোতাপ্রিয় গীতিকার, গায়ক ও সংগীত পরিচালক নকুল কুমার বিশ্বাস।  মাদারীপুরে নিজের গ্রামের বাড়ির দোতলায় গাছের ডাল কাটতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটলেও রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি প্রকাশ্যে আসে।

রোববার সন্ধ্যায় নকুল কুমার সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে খবরটি নিশ্চিত করেছেন।

তার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি জানান, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রামের বাড়িতে শিমুল গাছের ডাল কাটতে নিজ বাড়ির দোতলা ছাদে ওঠেন তিনি।  এরপর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ডাল কাটার সময় অসাবধানবশত ছাদ থেকে মাটিতে পড়ে যান।

এসময় শব্দ হলে বাড়ির লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।  সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে নেওয়া হয়।  বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আবু সফর হাওলাদার সংবাদমাধ্যমকে বলেন, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  তাঁর ডান হাতে কিছুটা ফ্র্যাকচার হয়েছে।  মাথায় কিছুটা ইনজুরি আছে।  এ ছাড়া বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।  প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা নিতে তাকে মেডিকেল কলেজে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।