চবি ক্যাম্পাসে ছাত্রদলের আনন্দ মিছিল করায় ক্ষিপ্ত হয়ে শাখা ছাত্রলীগ কমিটির বিলুপ্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে আন্দোলন করেছে দুই উপগ্রুপের নেতাকর্মীরা। দুই উপগ্রুপ হলো- ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও বিজয়ের একাংশের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে৷
এ বিষয়ে আন্দোলনকারী শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, আমরা শাখা ছাত্রলীগের সভাপতিকে আগেই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি। এ কমিটি শুরু থেকে নানাভাবে বিতর্কিত। এর মধ্যে চলতি মাসে ছাত্রদলের লোকজন ক্যাম্পাসে এসে মিছিল করে গেছে অথচ শাখা ছাত্রলীগের শীর্ষ নেতারা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

তিনি আরও বলেন, এছাড়া এক বছরের জন্য গঠিত কমিটি ইতোমধ্যে চার বছর হয়ে গেছে। এসব কিছু মিলিয়ে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে চবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।
প্রায় আড়ায় ঘণ্টা আন্দোলনকারীরা মূল ফটকের সামনে অবস্থান করে, পরে পৌনে সাতটার দিকে গেট খুলে দেয়। তবে আন্দোলন চলা অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি। যদিও মূল ফটকে তালা দিয়ে কোনো আন্দোলন সংগ্রাম করলে শাস্তির বিধান রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের ২ নম্বর গেট থেকে ১৩ বছর পর প্রকাশ্যে মিছিল করে চবি ছাত্রদল । পরে আইন অনুষদ হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয় মিছিলটি।