চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি

চলতি মৌসুমে তাপমাত্রার পারদ বেড়েই চলেছে।  শুক্রবার (১৪ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। যা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার দুপুর ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি রেকর্ড করা হয়।  এ অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ।  তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।  প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হচ্ছে না।  বৃহস্পতিবার (১৩ এপ্রিল) চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস।

এরআগে গত ২ এপ্রিল থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়।  প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা।  তবে এ সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম রয়েছে।  আজ বাতাসের আর্দ্রতার পরিমাণ ১৫ শতাংশ।  সামনের দিনগুলোতে জলীয় বাস্পের পরিমাণ বড়লে অতি তীব্র গরম অনুভূত হবে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, টানা ১২ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়।  আজও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস।  যা এই মৌসুমের সর্বোচ্চ তামপাত্রার রেকর্ড।  আগামী আরও কয়েকদিন এমন পরিস্থিতি বিরাজ করবে।  একই সঙ্গে তাপমাত্রা আরও বাড়বে।  আর বাড়লে মানুষের জীবনযাত্রায় বিরুপ প্রভাব পড়বে।