ঐতিহাসিক এক লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবার এশিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলার মেয়েরা। ২১তম এশিয়ান কাপে শক্তিশালী চীনের মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার (৩ মার্চ) সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টায় খেলা শুরু হবে।
শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে চীনের মেয়েরা। এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা। এই ম্যাচে রক্ষণাত্মক কৌশলেই দল সাজিয়েছেন কোচ পিটার বাটলার। ৫ ডিফেন্ডার নিয়ে একাদশ সাজিয়েছেন তিনি।
তবে গোলপোস্টে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন বাটলার। জোড়া সাফজয়ী অভিজ্ঞ গোলরক্ষক রুপনা চাকমাকে শুরুর একাদশে রাখেননি এই ইংলিশ কোচ। পোস্ট সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ মিলি আক্তারকে। দলীয় সূত্রে জানা গেছে, উচ্চতার কারণে মিলিকে এই ম্যাচে বেছে নিয়েছেন কোচ।
চীনের বিপক্ষে রক্ষণভাগের দায়িত্ব সামলাবেন শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবীরন খাতুন। অন্যদিকে মাঝমাঠের নিয়ন্ত্রণ ও আক্রমণ গড়ার দায়িত্ব থাকছে মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও উমেলাহ মারমার ওপর।
বাংলাদেশের একাদশ
গোলরক্ষক: মিলি আক্তার।
ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবীরন খাতুন।
মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, উমেলাহ মারমা।
স্ট্রাইকার: শামসুন্নাহার জুনিয়র।