চীনা ও ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশাধিকার মালয়েশিয়ায়

পর্যটক আকর্ষণে দক্ষিণ এশিয়ার দুই দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করছে মালয়েশিয়া।  আগামী ১ ডিসেম্বর থেকে চীন এবং ভারতের নাগরিকরা এ সুবিধা পাবে।  একবার দেশটিতে যাওয়ার পর সেখানে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত তারা অবস্থান করতে পারবে।

রোববার (২৬ নভেম্বর) গভীর রাতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার পিপলস জাস্টিস পার্টির কংগ্রেসে বক্তৃতার সময় নতুন এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন।  তিনি বলেন, পর্যটন ও দেশের অর্থনীতিকে গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার ((২৭ নভেম্বর) ) মালয়েশিয়ার স্বরাষ্ট্রকল্যাণবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীন এবং ভারতের নাগরিকদের জন্য চালু করা ভিসামুক্ত প্রবেশ সুবিধা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

চীন এবং ভারত যথাক্রমে মালয়েশিয়ার চতুর্থ এবং পঞ্চম বৃহত্তম পর্যটক উৎস দেশ।  সরকারি তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় এ বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ৯০ লাখ ১৬ হাজার পর্যটক আগমন করেছে, যার মধ্যে চীন থেকে ৪৯ লাখ ৮ হাজার ৫৪০ জন এবং ভারত থেকে ২৮ লাখ ৩ হাজার ৮৮৫ জন পর্যটক এসেছে।

মহামারি করোনার আগে ২০১৯ সালের একই সময়ে চীন থেকে ১৫ লাখ এবং ভারত থেকে ৩৫ লাখ ৪ হাজার ৮৬ জন পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করেন।

করোনাভাইরাস মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও অন্যান্য বৈশ্বিক সংকটের কারণে এশিয়ার পর্যটন নির্ভর অনেক দেশে ব্যাপক অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে।  যে কারণে পর্যটকদের টানতে বিভিন্ন সময়ে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এই অঞ্চলের দেশগুলো।  মালয়েশিয়ার মতো ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করেছে এশিয়ার অন্যান্য কয়েকটি দেশও।